ভালোবাসার চিহ্ন

 


এই মখমলি গোলাপের ফুল,

কোমল, তার অন্তরে

মুক্তো লুকিয়ে রাখে,

সোনালি আভা মেখে

আপন মনে দুলে ওঠে,

সে কি জানে, তার এই

মখমলটুকু এসেছে শুধু তোমার থেকেই?

তার সমস্ত কোমলতা তোমার,

গোলাপি এক আবরণের ভিতর

তুমি আমার অন্তরে মিশে আছো,

রেশমি, পাতলা এক চাদরে

আমার হৃদয়টাকে জড়িয়ে রেখে,

তোমার স্পন্দনে

প্রতিদিন আমার হৃদয়কে ধ্বনিত করো তুমি।




এই সবুজ-সবুজ পাতাগুলি,

ঝলমলে, ঝিকিমিকি

সূর্যের কিরণের তলায়,

তারা কি জানে,

তুমিও তাদেরই মতো,

সবুজে ভরা, আলোয় ভরা,

আমার হৃদয়ের ভিতর নেচে

গান গেয়ে বেড়াও?

সবুজ ধানের মতো দুলে ওঠো,

আমার অন্তর্মনে সবুজের ছোঁয়া দাও,

আমাকে খুঁজে বেড়াও,

আমারই বুকের ভিতর,

গভীর পর্যন্ত শিকড় ছড়িয়ে,

কোণায় কোণায়, আমাকে স্পর্শ করে যাও তুমি।




ভালোবাসাই ভালোবাসা ছড়িয়ে আছে চারদিকে,

গাইতে থাকা নীরবতা বিছিয়ে আছে সর্বত্র,

বসন্ত তার রং ছড়িয়ে দিয়েছে

শুধু আর শুধু তোমার জন্য,

প্রজাপতিরা রং নিয়ে উড়ে বেড়ায়,

রাঙিয়ে দিতে তোমার সুন্দর স্বপ্ন,

স্বপ্ন, যার কোনো শেষ নেই,

ঠিক আমাদের ভালোবাসার মতো,

অনন্ত, আর প্রতি মুহূর্তে জীবন্ত।

এই নীল আকাশ

আর রঙিন পৃথিবীর

সর্বত্র লেখা আছে আমাদের নাম,

আমাদের ভালোবাসায় ঢাকা

এই ধরিত্রী আর আকাশ।




একে অপরের বাহুতে,

প্রেমের আলিঙ্গনে আবদ্ধ আমরা,

তোমার মুখ আমার বুকে

লুকিয়ে রাখা,

আমার বাহু তোমাকে জড়িয়ে,

এই বালিময়, সোনালি

পৃথিবীর বুকে শুয়ে,

ঋতুর আসা-যাওয়া দেখি,

অপেক্ষা করি প্রতিটি ঋতুর বদলের,

কখন ফুল ফুটবে,

কখন বা শাখা আর লতা থেকে

পাতারা ঝরে পড়বে।

শীতল, অলস দুপুরে

আমরা দুজন দেখি

পাতাঝরার সেই খেলা।




নীরব এক দৃশ্য,

নীরবে দাঁড়িয়ে থাকা গাছ,

নীরবতায় জড়ানো লতা,

নীরব সমুদ্র,

চড়চড়, ফড়ফড় শব্দে

দাউদাউ করে জ্বলে ওঠা লাল আগুন,

চটচট করে জ্বলা কাঠ,

যার ভেতর থেকে বেরিয়ে আসে

গভীর নীরব ধোঁয়া।

সরসর করে বয়ে যাওয়া বাতাস

জানালার কাচে এসে ধাক্কা খায়,

হুড়মুড় করে নীরবতা চিরে

বাজিয়ে তোলে বরফশীতল এক শব্দ।

নিজেদের ভালোবাসার সুরে

বেহুঁশ হয়ে

নীরবে বসে থাকি আমরা।




আমাদের এখানেই থেকে যেতে হবে,

কারণ এই বাতাস, এই ঋতু,

পাতাঝরা আর বসন্ত,

সবাই আমাদের এখানেই খুঁজবে,

আমাদের নাম ধরে ডাকবে,

এটাই আমাদের ঠিকানা।

প্রতিটি পাতা, প্রতিটি ফুলে লেখা

আমার আর তোমার নাম।

এই মাটি, আকাশ,

শিকড়, গাছ, বাতাস,

আগুন, হৃদস্পন্দন, স্পন্দন,

সবই সাক্ষী

আমার, তোমার ভালোবাসার।




এটাই আমাদের নীড়,

চারদিকে ঢেউয়ের ভিড়,

প্রতিটি পাতাঝরা পাতায় আমাদের নাম,

প্রতিটি বাতাসের ঝাপটায় আমাদের স্বর।

বসন্তের রাগ আমরা দুজনই,

লাল উষ্ণ আগুনও আমরা,

আমার বুকে ঘর বানিয়ে থাকা তুমি,

আমি তোমার বুকের উষ্ণতায় হারিয়ে।

তোমার মখমলি হাত ধরে

সময়ের পথে চলি,

তোমার সঙ্গে গান গাই, গুনগুন করি,

ফুলের মতো তোমাকে বাহুতে তুলে,

আমরা দুজন

হৃদয়ে শান্ত আগুন জ্বালিয়ে,

অজেয় ভালোবাসার চিহ্ন গড়ে তুলি।

©®মধুমিতা

Comments

Popular posts from this blog

স্বপ্নের সেই দ্বীপ

উপস্থিতি তোমার